চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাই স্বর্ণের গলিত বার ও বিক্রয়লব্ধ টাকাসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার প্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারী উক্ত মামলায় তদন্তে প্রাপ্ত নুরুল হক বাবুকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মুহাম্মদ আলম খাঁনসহ চান্দগাঁও থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৯ই মার্চ রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন হাজারি গলি এলাকা থেকে লিটন চক্রবর্ত্তীকে গ্রেফতার করেন এবং তার দেওয়া তথ্য মোতাবেক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকা থেকে বাদির চুরি যাওয়া স্বর্ণের ১টি গলিত বার যার ওজন আনুমানিক ২ ভরি এবং স্বর্ণ বিক্রয়লব্ধ নগদ ৪,০২,০০০ টাকা উদ্ধার করেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী রাতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরচক্র চান্দগাঁও আবাসিকের শাখাওয়াত ভিলার ৫ম তলার মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইনের বাসার জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ ২২ লক্ষ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও ১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় । বাদির এরূপ অভিযোগের ভিত্তিতে সিএমপি চাঁন্দগাও থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।