
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে পাঁচজন সংসদ সদস্যকে (এমপি) মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। স্পিকার কর্তৃক সংরক্ষিত আসনের প্রতিনিধি হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজাদিন তনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত ৫ জুন জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠানো সুপারিশের ভিত্তিতে পাঁচজন সংসদ সদস্যকে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনীত সংসদ সদস্যরা হলেন- চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে। সংসদের মনোনীত সদস্যরাও সিনেটের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।