
চট্টগ্রামে পাঁচ দিনের টানা ভারী বৃষ্টি,পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের পানির প্রভাবে বন্দরনগরী পাহাড়তলী, হালিশহর গলাচিপা পাড়ায় জলজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় ডুবে গেছে মহানগরীর বিভিন্ন সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল এবং কমে গেছে গণপরিবহণের সংখ্যা। এতে চরম দুর্ভোগে পড়েছেন গন্তব্যস্থলে যেতে বাধ্য হওয়া চাকরিজীবী, বিমানবন্দরগামী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অফিসগামী অনেককে প্যান্ট গুটিয়ে কিংবা জুতা হাতে নিয়ে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন। পানিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি বিকল হয়ে সড়কের মাঝপথে আটকে পড়ার ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। এদিকে গণপরিবহন স্বাভাবিকের তুলনায় কম থাকায় বিভিন্ন বাসস্টপে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।পরে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।
পাহাড়তলী সিডিএ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ি, যুবদল নেতা আনোয়ার হোসেন বলেন পাহাড়তলী সিডিএ মার্কেট বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নাম।বাংলাদেশের মিল ইন্ডাস্ট্রি ও কল-কারখানার মুল যোগানদাতা এই মার্কেটটি জাহাজ ভাঙ্গা শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র পাহাড়তলী সিটি মার্কেট। এই মার্কেটে বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় এর কারণ হলো অবৈধভাবে খাল ও নালা দখল। অত্র এলাকায় বিভিন্ন ভবন তৈরি করেছে নালার উপর, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে নালার উপর ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। যার কারণে পানি নামতে সময় লাগে। তাই পাহাড়তলী এলাকার বিভিন্ন মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।