
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট মোড় এলাকা থেকে এক সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ছিনতাই হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ (UPCB)-এর চেয়ারম্যান, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট খন্দকার মাসুদুর রহমান (দিপু) জরুরি কাজ শেষে বাসযোগে আগ্রাবাদে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় নিউমার্কেট মোড় এলাকায় বাসে বসে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে ছিনতাইকারীরা বাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই তিনি বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিকের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির (পিপিএম)-এর নেতৃত্বে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশের তৎপরতায় এসআই (সিআরবি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজান এবং এসআই নাঈমের প্রচেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।
দ্রুততম সময়ের মধ্যে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ধরনের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিঃসন্দেহে প্রশংসা প্রাপ্য বলে মন্তব্য করেন ভুক্তভোগী সাংবাদিক।