
চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়ার মো. ইদ্রিস মিয়া। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।’
সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নিরাপদ পানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধি, পয়ঃনিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন এবং গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, ওয়াসার চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর দিকেও নজর থাকবে।
চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্রাহকসেবার মান বাড়ানো এবং চলমান প্রকল্পগুলো আরও কার্যকর করার বিষয়েও নতুন চেয়ারম্যানের কাছে প্রত্যাশা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম ওয়াসার সামনে পানি সরবরাহের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নে গতি, গ্রাহকসেবা ও আর্থিক ব্যবস্থাপনার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এসব ক্ষেত্রে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।
সাম্প্রতিক সময়ে ওয়াসার বকেয়া আদায়েও বিশেষ তৎপরতা চলছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সাধারণ গ্রাহক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে।