
কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতি ও মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একটি ভাঙা ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই (নিঃ) মো. আজিমুল হক পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষ থেকে চক্রাকারে বসে মাদক সেবনরত অবস্থায় আরও নয়জনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ (এর মধ্যে একটি বোতলের সঙ্গে লাগানো অবস্থায়), ১টি চেকের গামছা এবং ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদগাঁওকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।